মালদা ও মুর্শিদাবাদের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা গঙ্গার ভাঙন। প্রতি বছর বর্ষার সময় নদীভাঙনের কারণে বহু পরিবার ঘরবাড়ি হারায়, নদীগর্ভে তলিয়ে যায় বিস্তীর্ণ কৃষিজমি ও বিভিন্ন পরিকাঠামো। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে তিনি জানান, গঙ্গা ভাঙন রোধে ৩ হাজার ৬০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলাকে। মোট প্রস্তাবিত অর্থের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা মুর্শিদাবাদে নদীভাঙন রোধের কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গা ভাঙন দুই জেলার মানুষের জন্য দীর্ঘদিনের সমস্যা। তাই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পটির মোট ব্যয়ের ৫০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। অনুমোদন মিললে নদীতীর সংরক্ষণ, ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিকে সুরক্ষিত করার কাজ ধাপে ধাপে শুরু হবে।
এদিন বহরমপুরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সময় কম হলেও উন্নয়নের কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।
এই প্রকল্পের প্রস্তাব বাস্তবায়িত হলে মালদা ও মুর্শিদাবাদের বহু ভাঙনপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

