অন্নপূর্ণা যোজনার অগস্ট মাসের টাকা ১৭ অগস্ট থেকে দেওয়া শুরু হয়েছিল। সরকারের তরফে জানানো হয়েছিল, ১৭ থেকে ২০ অগস্টের মধ্যে মোট ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। কিন্তু ২০ অগস্ট পেরিয়ে গেলেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভ ছড়িয়েছে রাজ্যজুড়ে। টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখান মহিলারা।
কোথাও বিডিও অফিস ঘেরাও করা হয়েছে, কোথাও আবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়েছে। অভিযোগ, সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেওয়ার কথা জানানো হলেও অনেক উপভোক্তা এখনও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি।
কোচবিহারেও এই বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনেও বৃহস্পতিবার একদল মহিলা বিক্ষোভ দেখান। তাঁদের প্রশ্ন, আবেদন করার পরেও কেন তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি?
তবে এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইতিমধ্যে প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদন আপাতত বাতিল বা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ পাওয়া যায়নি বলে অভিযোগ।
এছাড়াও সরকারি চাকরি, আয়কর প্রদান বা অন্নপূর্ণা যোজনার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করার কারণেও কিছু আবেদন আটকে রয়েছে।
তবে এই ১৭ লক্ষ আবেদনকারীকে চূড়ান্তভাবে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়নি বলেই সরকারের তরফে জানানো হয়েছে। আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও নথিতে সমস্যা থাকলে তা সংশোধন করে তাঁরা ফের দাবি বা আপত্তি জানাতে পারবেন।
অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাঁদের নথি যাচাই এখনও চলছে। নবান্নে সূত্র খবর, এই যাচাই প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে শেষ হতে পারে। যাচাইয়ের পর যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদেরও প্রকল্পের টাকা দেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে বৈঠকের মাঝেই তাঁকে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। মন্ত্রীর দাবি, সরকারি স্তরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকজন থাকার কারণে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি, যাঁরা এখনও আর্থিক সহায়তা পাননি, তাঁদের সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

