আবাস প্লাস প্রকল্পের সমীক্ষা নিয়ে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আগামী ১৫ আগস্ট রাজ্যে আবাস প্লাসের সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনও কোনও যোগ্য পরিবারের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে, তাঁদের আর অপেক্ষা না করে দ্রুত প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।
মন্ত্রী জানিয়েছেন, গত আড়াই মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকায় আবাস প্লাসের সমীক্ষা চলছে। যোগ্য কোনও পরিবার যাতে সমীক্ষার আওতার বাইরে না থাকে, সে জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তবে কোনও এলাকায় কর্মীরা পৌঁছতে না পারলে সংশ্লিষ্ট পরিবারগুলিকেই এবার উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দিলীপ ঘোষের আবেদন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নম্বর ই-মেল করে জানাতে হবে। এই তথ্য পাঠানোর জন্য দেওয়া হয়েছে dilipghosh64@gmail.com। নিজের স্মার্টফোন না থাকলেও পরিবারের সদস্য বা আশপাশের কারও মোবাইল ব্যবহার করে ই-মেল পাঠানো যাবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট বাড়িতে সমীক্ষার জন্য কর্মী পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, গত এক মাস ধরে বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে যোগ্য পরিবারগুলিকে সমীক্ষার আওতায় আনার চেষ্টা চলছে।
তবে ১৫ অগস্টের পর সমীক্ষার পরবর্তী সুযোগ কবে আসবে, তা নিশ্চিত নয়। তাই আবাস প্লাসের সুবিধা পাওয়ার যোগ্য হয়েও কেউ যাতে সমীক্ষার বাইরে না থেকে যান, সে জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য জানানোর আবেদন করা হয়েছে।
পাশাপাশি, নিজের আশপাশে এমন কোনও যোগ্য পরিবার থাকলে যাঁদের বাড়িতেও এখনও সমীক্ষা হয়নি, তাঁদের তথ্য পাঠাতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। যাতে রাজ্যের কেউই বাদ না পড়ে এই সুবিধা থেকে।

