আগামীকাল ৩ মে, ২০২৬ (রবিবার) সারা দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET UG 2026)। এ বছর মোট ২২ লক্ষ ৭৯ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসতে চলেছেন! পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে একনজরে দেখে নিন NTA এর তরফে কি বলা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কি নেওয়া যাবে ও কি নিয়ে যাওয়া যাবে না।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA) জানিয়েছে, আগামীকাল পরীক্ষা শুরু হবে বেলা ২টো নাগাদ এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর দেড়টার (১:৩০) মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। নিয়ামক সংস্থা এনটিএ স্পষ্ট জানিয়েছে যে, নির্দিষ্ট সময় অর্থাৎ দুপুর ১:৩০ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই ট্রাফিক বা অন্য কোনও সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিট (NEET UG) পরীক্ষার জন্য ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের মোট তিনটি পৃষ্ঠাই পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। এর প্রথম পৃষ্ঠায় পরীক্ষার্থীর ছবি ও তথ্যের পাশাপাশি নির্দিষ্ট স্থানে বাড়ি থেকেই একটি পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এবং বাম হাতের বুড়ো আঙুলের স্পষ্ট ছাপ দিয়ে নিতে হবে। অ্যাডমিট কার্ডের দ্বিতীয় পৃষ্ঠায় একটি ৪X৬ সাইজের রঙিন পোস্টকার্ড ছবি আগে থেকেই লাগিয়ে নিয়ে যাওয়া বাধ্যতামূলক; এই ছবির বাম দিকে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। তবে মনে রাখতে হবে, অ্যাডমিট কার্ডের নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরটি আগে থেকে করা যাবে না, এটি পরীক্ষার হলে ইনভিজিলেটরের সামনে বসে করতে হবে। এছাড়াও জেনে নিন
NEET UG 2026 পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশনা মানতে হবে
১. পরীক্ষার্থীরা সকাল ১১ টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
২. পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে, দুপুর ১:৩০ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৩. বড় বোতামযুক্ত এবং আঁটোসাঁটো পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই ৷
৪. গলায় কোনও ধরনের হার থাকলে চলবে না ৷
৫. এছাড়াও, নাকের পিন, কানের দুল, হাতে ব্রেসলেট পরে ঢোকা যাবে না ৷
৬. কোনও ধাতব বস্তু সঙ্গে রাখা যাবে না ৷
৭. প্রার্থীদের প্রবেশের সময় আইডি প্রুফ আনতে হবে ৷ তাতে আধার কার্ড ব্যবহার করা আবশ্যক ৷
৮. এছাড়াও, রেশন কার্ড, ছবির সঙ্গে আধার তালিকাভুক্ত নম্বর, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাসপোর্ট হলে প্রবেশের জন্য নিয়ে যাওয়া যেতে পারে ৷ ছবি শুধুমাত্র আসল নিতে হবে।
৯. জেরক্স বা ফটোকপি কিংবা মোবাইলে যেকোনও ধরনের ফটো আইডি দেখালে কাজ হবে না।
১০. এর পাশাপাশি অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে।
১১. প্রার্থীদের শুধুমাত্র জলের বোতল নিয়ে যেতে পারবে তবে বোতলে লেভেল থাকবে না এমন বোতল ৷
১২. পরীক্ষার্থীদের মোবাইল, ইয়ারফোন, ব্লুটুথ ইত্যাদি কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে পারবে না।
১৩. পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কক্ষ বা হল ত্যাগ করতে পারবেন না ৷
১৪. প্রবেশপত্রের নির্ধারিত স্থানে তাঁর স্বাক্ষর করতে হবে।
১৫. পরীক্ষার সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে ৷
১৬. পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীকে OMR শিটের মূল কপি উভয়ই পরীক্ষকের কাছে হস্তান্তর করতে হবে ৷
১৭. কোনও পরীক্ষার্থী অন্যায়ভাবে ধরা পড়লে তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
১৮. এমনকী কোনওরকম কাগজ নিজের কাছে রাখা যাবে না।
১৯. খাবার জিনিসও সঙ্গে রাখা যাবে না পরীক্ষা কেন্দ্রে।
২০. স্বচ্ছ বল পেন (নীল বা কালো) পরীক্ষা কেন্দ্র নিয়ে যেতে পারবেন।
পুরুষ প্রার্থীদের জন্য ড্রেস কোড (NEET UG 2026 Exam):
হালকা রঙের হাফ-হাতা শার্ট, টি-শার্ট (পকেট ছাড়া সাধারণ প্যান্ট বা ট্রাউজার, ডিজাইন বা বড় বোতাম, সাধারণ চপ্পল বা স্যান্ডেল পড়া যাবে না)।
মহিলাদের জন্য পোষাক কোড (NEET UG Exam 2026):
হালকা রঙের প্লেইন কুর্তি, এমব্রয়ডারি বা লেস ছাড়া টপ, সালোয়ার বা সাধারণ প্যান্ট, সাধারণ চপ্পল বা কম হিলের স্যান্ডেল পরা অনুমোদিত।
নারীদের ফুল হাতা কাপড়, এমব্রয়ডারি করা বা ডিজাইন করা জামাকাপড়, চুলের পিন, চুলের ক্লিপ, গয়না, কানের দুল, নাকের আংটি, বালির আংটি, বন্ধ জুতা পরা নিষিদ্ধ।
নিট (NEET UG) পরীক্ষায় ওএমআর (OMR) শিট পূরণ করার সময় পরীক্ষার্থীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ সামান্য ভুলেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওএমআর শিটে কোনো উত্তর নির্বাচনের সময় নির্দিষ্ট বৃত্তটি কলম দিয়ে সম্পূর্ণভাবে ভরাট করা আবশ্যক। মনে রাখবেন, বৃত্তটি যদি অর্ধেক ভরাট করা হয় কিংবা সেখানে কোনো টিক মার্ক বা ক্রস চিহ্ন দেওয়া হয়, তবে কম্পিউটার সেই উত্তরটি গ্রহণ করবে না। এছাড়া ওএমআর শিটে কোনোভাবেই কাটাকুটি করা যাবে না এবং ভুল সংশোধনের জন্য কোনো ইরেজার বা সাদা ফ্লুইড (Whitener) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। একবার কোনো বৃত্ত ভরাট করে ফেললে তা আর পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। তাই উত্তর দেওয়ার পাশাপাশি নিজের রোল নম্বর, টেস্ট বুকলেট নম্বর লেখা এবং স্বাক্ষর করার সময় অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে, যাতে কোনো ভুল না হয়। সঠিক ও পরিষ্কারভাবে ওএমআর শিট পূরণ করা একজন পরীক্ষার্থীর সফলতার অন্যতম চাবিকাঠি।
মেডিক্যালের এই স্নাতক প্রবেশিকা পরীক্ষাটি বাংলা, হিন্দি, ইংরেজি, অসমীয়া, ওড়িয়া, পঞ্জাবি, উর্দু, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, মারাঠি এবং গুজরাটি সহ মোট ১৩টি ভাষায় অনুষ্ঠিত হয়। দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, এ বছর মোট ২২ লক্ষ ৭৯ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী নিট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১৩ লক্ষ ৩২ হাজার ৯২৮ জন এবং ছাত্রের সংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ৮১৫ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় প্রায় ৪ লক্ষ বেশি ছাত্রী এবার ডাক্তার হওয়ার লড়াইয়ে শামিল হচ্ছেন। এই পরীক্ষার মাধ্যমেই সারা দেশের মেডিক্যাল, ডেন্টাল, আয়ুষ এবং ভেটেরিনারি-সহ বিভিন্ন নামী কোর্সে ভর্তির সুযোগ পাবেন সফল পরীক্ষার্থীরা। মূলত পরীক্ষার্থীদের সুবিধার্থেই পরীক্ষার আগের দিন এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে নিয়ামক সংস্থা।

